রেললাইনের পাশের ঝোপঝাড় থেকে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, খুনের আশঙ্কা স্থানীয়দের।

2 Min Read
  • বাগডোগরার গোসাইপুর রূপসিংজোত এলাকায় এদিন সকালে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রাতভ্রমণে বেরিয়ে স্থানীয় বাসিন্দারা রেললাইন থেকে কিছুটা দূরে ঝোপঝাড়ে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমায় এলাকার মানুষ। স্থানীয়দের অভিযোগ, এটি স্বাভাবিক বা ট্রেনে কেটে মৃত্যু নয়, বরং খুনের ঘটনা হতে পারে। অভিযোগ, ঘটনাস্থলের আশপাশে লোহার কিছু টুকরোও উদ্ধার হয়েছে। মৃতের মাথার পিছনে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে বলে খবর। স্থানীয়দের অনুমান, ভারী কোনও লোহার বস্তু দিয়ে মাথায় আঘাত করেই তাঁকে খুন করা হয়ে থাকতে পারে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার পুলিশ এবং রেল পুলিশ। মৃত যুবকের নাম অভিজিৎ ওরাঁও (১৮)।গোসাইপুর মূলাইজোত এলাকার বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মৃতের বাবা বাবলু ওরাঁও। মৃতের বাবা জানান, ছেলেকে বহুবার নেশা ছাড়ার জন্য বোঝানোর চেষ্টা করেছি। নেশার অভিযোগে পুলিশও একাধিকবার তাকে ধরেছিল। চুরি-ছিনতাইয়ের সঙ্গেও জড়িয়ে পড়েছিল ছেলে এবং গত তিন দিন ধরে বাড়িতেও ফেরেনি।

    অন্যদিকে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় মাদক ব্যবসার কারণে বহু পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। তবে যুবকের মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। এটি দুর্ঘটনা, খুন নাকি অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পর জানা যাবে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। ইতিমধ্যে পুরো ঘটনার তদন্তে নেমেছে বাগডোগরা থানার পুলিশ।

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

×